বায়েজিদে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের বেকারী খাদ্যদ্রব্য
বায়েজিদে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের বেকারী খাদ্যদ্রব্য
মো. শফিকুল ইসলাম :
প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ময়দা দিয়ে তৈরি বেকারীর রুটি, বিস্কুট কেক খেয়ে অসুস্থ হয়ে পড়েছে লোকজন। বায়েজিদ বোস্তামীতে বিএসটিআই’র অনুমোদনহীন বায়েজিদ বোস্তামীর রুবি গেইট এলাকায় নিশাত বেকারি ভেজাল খাদ্য সামগ্রী তৈরি করে ব্যবসা চালিয়ে আসলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।
বন্দর নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রুবি গেইট সংলগ্ন বায়েজিদ স্টিল মিলের পূর্ব পাশে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই আব্দুর রশিদের রয়েছে মেসার্স নিশাত ফুড প্রোডাক্টস বেকারী। শিশু শ্রম নিষিদ্ধ হলেও এ বেকারির ভিতরে স্যাঁতস্যাঁতে পরিবেশে খালি পায়ে শিশু শ্রমিকরা নিম্নমানের ময়দা দিয়ে বিস্কুট রুটি কেকসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী তৈরি করছেন। রুটি, কেক ও বিস্কুটের সাদা প্লাস্টিকের প্যাকেটে নেই কোন লেখা। মূল্য, ওজন উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এসব খাদ্যের মধ্যে মেশানো হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক সাল্টু। অভিযোগ উঠেছে ফুড গ্রেড রঙের পরিবর্তে দেয়া হচ্ছে ডাইং রং। যা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। উৎপাদিত খাদ্য সামগ্রী বন্দর নগরীর সর্বত্র সরবরাহ করা হচ্ছে। এসব খেয়ে অসুস্থ হচ্ছে মানুষজন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিম আকতার চৌধুরী বলেন,অস্বাস্থ্যকর কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা এসব খাবার সামগ্রী খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হতে পারে। পেট ব্যথা, আমাশা, ডায়রিয়া, শরীর দুর্বল’সহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।
এ বিষয়ে বিএসটিআই’র দায়িত্বরত ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, মেসার্স নিশাত ফুড প্রোডাক্টস বেকারী যদি বিএস’টিআই অনুমোদন না থাকে এবং অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য তৈরি করে বাজারে সরবরাহ করে, তাহলে ওই প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কার্টসিঃ দৈনিক স্বাধীন সংবাদ

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন